বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন।
এ সময় চোখের আইরিশ স্ক্যান, আঙুলের ছাপসহ সকল বায়োমেট্রিক তথ্য প্রদান করেন তারেক রহমান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ এক দিনের মধ্যে তিনি এনআইডি কার্ড পেয়ে যাবেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এর আগে তিনি অনলাইনে আবেদন করেছিলেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী হতে দেশের যেকোনো আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ ডিসেম্বর। সেদিন সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় লন্ডনে অবস্থান করায় তারেক রহমান নিবন্ধন করতে পারেননি। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রক্রিয়া সম্পন্ন করলেন তিনি।