২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। নেতাকর্মীদের প্রত্যাশা, এই সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে।
জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া দলকে বিজয়ী করার লক্ষ্যে আগামী দিনের রাজনৈতিক পথচলা ও দিক-নির্দেশনা দেবেন তিনি। জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জনসভায় সভাপতিত্ব করবেন।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, ইতিমধ্যে চার জেলা, মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সভা সম্পন্ন হয়েছে। সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মূল মঞ্চের কাজ চলছে। সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। তাই বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। প্রায় ২২ বছর পর এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। শরীফুল আলম বলেন, এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠ ছাড়াও পুরো শহরে লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা, সিসি ক্যামেরার আওতায় পুরো এলাকা রাখা হবে। প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং তারা সহযোগিতা করছেন।
আশা করা হচ্ছে, অত্যন্ত সফল একটি সমাবেশ হবে।