আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। ফুটবল প্রতীকধারী এই প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম মেনে সাদা-কালো ব্যানার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে তার অভিযোগ, সেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার সকালে ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন। তাসনিম জারা লেখেন, “আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেখানে এখন কাদের ব্যানার টাঙানো আছে – এলাকার মানুষ তা দেখছেন।”
তবে এই ঘটনায় মোটেও দমে যাননি তিনি। বরং নতুন করে ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েছেন। তার কথায়, “আমরা আবারও কিছু সাদা-কালো কাপড়ের ব্যানার টাঙানোর প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশনের বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলছি। বিপক্ষ দলের এই ব্যানার ছেঁড়ার সংস্কৃতি থেকে বিরত হোন।”
পোস্টের শেষাংশে প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, “আপনারা অনেস্ট রাজনীতির কথা বলেন – অনেক ধন্যবাদ। কিন্তু অনেস্ট রাজনীতি একা করা যায় না; নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়। তাদের সামলান, প্লিজ।”