1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কা, চিন্তায় শহরবাসী

সোহাগ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

টানা বৃষ্টিতে মৌলভীবাজার শহরের আকাশ যেন ঢেকে গেছে মেঘে। দিনের শুরু থেকে রোদ না উঠায় সৃষ্টি হয়েছে এক ধূসর আবহাওয়া। যদিও এখন পর্যন্ত শহরের কোনো অংশে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়নি, তবুও টানা বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন বৃষ্টি অব্যাহত থাকলে শহরের নিম্নাঞ্চলগুলো দ্রুতই প্লাবিত হতে পারে।

মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে পানি না জমলেও আকাশের অবিরাম মেঘলা অবস্থা ও হালকা বৃষ্টির কারণে পরিবেশে একধরনের স্থবিরতা নেমে এসেছে। দোকানপাটের ব্যবসা আগের তুলনায় অনেকটা কমে গেছে, রিকশা ও যানবাহনের চলাচলও তুলনামূলকভাবে কম দেখা গেছে।

শহরের পুরাতন হাসপাতাল রোড, সরকারি কলেজ রোড, কোটরোড, কাজিরগাঁও, চৌমুহনা ও বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এসব এলাকা বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। এর মূল কারণ হিসেবে তাঁরা দেখছেন শহরের ড্রেনেজ ব্যবস্থার অদক্ষতা ও অপর্যাপ্ততা।

পুরাতন হাসপাতাল এলাকার বাসিন্দা শামীম আহমেদ বলেন, প্রায়ই দেখি বৃষ্টির পানি ড্রেনে নামতে পারে না। ফলে সামান্য এক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তা নদীতে পরিণত হয়। আমরা তাই এখনই চিন্তায় আছি, যদি আজকের মতো বৃষ্টি আরও দুই-তিন দিন চলে তবে দিনমজুর, রিকশাচালক, হকার ও গৃহকর্মীদের দুশ্চিন্তার কারন হবে সবচেয়ে বেশি। সকাল থেকে বৃষ্টির কারণে কাজ কমে গেছে। কেউ কেউ ভিজে কাজে বের হলেও যাত্রী না থাকায় ফিরে যাচ্ছেন। বাজারে ক্রেতা কমে যাওয়ায় ছোট ব্যবসায়ীরাও বিক্রি কমে যাওয়ার অভিযোগ করছেন।

মৌলভীবাজার জেলা চা উৎপাদনের জন্য পরিচিত। জেলার বিভিন্ন চা-বাগানে বৃষ্টির প্রভাব এখনো বড় কোনো সমস্যা সৃষ্টি না করলেও, বৃষ্টিপাত চলতে থাকলে বাগানের নিচু জমিতে পানি জমে চা গাছের শিকড়ে পচন ধরার আশঙ্কা রয়েছে। এছাড়া উপজেলার কৃষকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমলে ধান ও সবজি ক্ষেতের ক্ষতি হতে পারে। মৌলভীবাজার সদর উপজেলার কৃষক মো. আজিজুর রহমান বলেন, “এখনো পর্যন্ত ক্ষতি হয়নি, কিন্তু আবহাওয়া যদি এমন থাকে, তাহলে জমিতে পানি উঠে ফসল নষ্ট হবে।”

মৌলভীবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। শহরের আকাশ আংশিক থেকে পূর্ণ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

মৌলভীবাজার পৌরসভার এক কর্মকর্তা জানান, “টেকসই ড্রেনেজ ব্যবস্থা না করলে মৌলভীবাজার শহরকে জলাবদ্ধতা থেকে বাঁচানো সম্ভব নয়”।

শহরের মানুষ এখন আবহাওয়ার খবর নজরে রাখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে পোস্ট দিচ্ছেন সম্ভাব্য জলাবদ্ধতা নিয়ে। আবহাওয়া অনুকূলে থাকলে হয়তো বড় কোনো বিপর্যয় হবে না, তবে সতর্ক না থাকলে অল্প সময়েই পরিস্থিতি পাল্টে যেতে পারে এমন আশঙ্কা শহরজুড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon