জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট তিনজন আসামি।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় পড়া শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় শুরুর আগে সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে ভিড় করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত মানুষেরা। তারা ব্যানার ও পোস্টার হাতে ট্রাইব্যুনাল চত্বরে অবস্থান নিয়েছিলেন। তাদের স্বজনদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার, সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার দাবি জানান তারা। শহীদ মারুফের বাবার মতো অনেকে কান্নাজড়িত কণ্ঠে তাদের ছেলেকে হত্যার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন।
মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ও কামাল বর্তমানে পলাতক। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি রাজসাক্ষী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছেন এবং আইজিপি মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।