শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় পুনরায় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের নেতাকর্মীসহ ছাত্র-জনতা ‘শহীদ হাদি চত্বরে’ জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। তারা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেন এলাকা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে অবস্থান নেন তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে তারা শাহবাগেই রাত কাটান।
শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসলে সড়ক স্বচ্ছন্দ করার জন্য ইনকিলাব মঞ্চের কর্মীরা সাময়িকভাবে আজিজ সুপার মার্কেটের সামনে সরে যান।
তারেক রহমানের কর্মসূচি শেষ হওয়ার পর দুপুরে তারা আবার শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবরোধ কর্মসূচি চালিয়ে যান।
উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তার হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংগঠনটি ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।