ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা ও পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কারণে তেহরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানস্থ ভারতীয় দূতাবাস এক জরুরি সতর্কবার্তা জারি করে দেশটিতে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকদের (ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ) যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন মাধ্যমে ইরান ত্যাগ করার পরামর্শ দিয়েছে।
দূতাবাসের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের বর্তমান পরিস্থিতির অবনতি এবং আগের (৫ জানুয়ারি ২০২৬-এর) সতর্কতার ধারাবাহিকতায়। সরকারি অনুমান অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে:
যারা এখনও ইরানে আছেন, তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। সব ধরনের বিক্ষোভ, গণজমায়েত বা প্রতিবাদস্থল এড়িয়ে চলুন। স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখুন এবং নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন। পাসপোর্ট, আইডি ও অন্যান্য ট্রাভেল ডকুমেন্ট সবসময় হাতের কাছে রাখুন।প্রয়োজনে দূতাবাসের সহায়তা নিন।
এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান উত্তেজনা চরমে পৌঁছেছে এবং সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়েছে। একই সঙ্গে চলছে ইরানে নতুন করে ছাত্র-বিক্ষোভ। এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ইসরায়েল সফরের প্রস্তুতি চলছে, যা নেতানিয়াহু ‘নতুন জোট’ গঠনের অংশ বলে বর্ণনা করেছেন—মূলত মধ্যপ্রাচ্যের প্রতিকূল শক্তির বিরুদ্ধে।
সূত্র: গালফ নিউজ।