1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দল আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হওয়ার প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আসিফ বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি উল্লেখ করেন, খুব তাড়াহুড়ো করে ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ‘এ ধরনের নিয়োগের কোনো বিধান গণঅভ্যুত্থানের আগে ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা পালিয়ে যান এবং অনেক স্থানে ফ্যাসিবাদের সহযোগীরা বসে দেশের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করে।

তখন সরকার এই বিধান চালু করে যে, সরকার চাইলে যেকোনো ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এই আইন থাকা সত্ত্বেও সেটি ব্যবহার করেনি, শুধু একটি স্থানে প্রয়োগ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের থাকার কথা, সেখানে দলীয়ভাবে বিভিন্ন সময় বঞ্চিত বা নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুরস্কার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে বসানো হয়েছে।’ দেড় বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিশূন্য থাকায় আসিফ বলেন, ‘ফলে দেশের জনগণ নাগরিক সেবায় ভোগান্তির শিকার হয়েছে। এই বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা দরকার।’

‘কিন্তু এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাইনি, যা দুঃখজনক। আশা করি, তারা শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে।’ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে দাবি করে তিনি বলেন, ‘সেখানে মেয়াদের কোনো উল্লেখ নেই। নিয়োগপত্র দেখে মনে হয় যেন তারা আজীবন প্রশাসক থাকবেন। অথচ সরকারি চুক্তিভিত্তিক নিয়োগে সময়সীমা উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ছয় মাস, এক বছর বা দুই বছরের মতো মেয়াদ দেখা যায়।’

দুই দিন ধরে ভয়ের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে অভিযোগ করে এনসিপির মুখপাত্র বলেন, ‘পুলিশের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযানের নামে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি, সরকার এর মাধ্যমে জনগণকে ভয়ের মধ্যে রাখতে চাইছে।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় অনেক অযৌক্তিক ও ছোটখাটো কারণে রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটা সমর্থন করি না। আমরা মনে করি, নতুন সরকার গঠন হয়েছে বলে তাদের কাজ করার সুযোগ দেওয়া উচিত, অকারণে রাস্তা অবরোধ না করা। কিন্তু একই সঙ্গে কারও যৌক্তিক দাবিতে আন্দোলনের অধিকার যেন কোনোভাবে খর্ব না হয়।’

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হান্নান মাসউদ বলেন, ‘বিভিন্ন কারচুপির পরও দলের ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আমি নিজে। ভোটের দিন সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি নিজে হামলার শিকার হয়েছি। আমার স্ত্রীর ওপরও হামলা হয়েছে, যা নিয়ে হাতিয়ায় মামলা চলমান।’

এনসিপি আগামী সব স্থানীয় নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, ‘সব পৌরসভা, সিটি করপোরেশন এবং ওয়ার্ডে যারা অংশগ্রহণ করবে, তাদের আমরা প্রস্তুত করব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon