বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর নিজের প্রথম এই চীন সফরে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, দুই দেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও উচ্চমাত্রায় পৌঁছাবে।
বৃহস্পতিবার সকালে তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা এবং ২১ বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং ট্রাম্প স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করেন।
বৈঠকের শুরুতে ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলকে অত্যন্ত দক্ষ ও প্রভাবশালী হিসেবে বর্ণনা করেন, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আপনার আতিথেয়তায় এখানে আসতে পারা এবং আপনার বন্ধু হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। পুরো যুক্তরাষ্ট্র এই শীর্ষ বৈঠকের দিকে তাকিয়ে আছে এবং আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
এর আগে গত বুধবার বেইজিং পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তারা। ১৯৫৯ সালে নির্মিত এই ঐতিহাসিক ভবনে দুই নেতার এই আলোচনা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে দুই দেশের শীর্ষ পর্যায়ে এই আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।