1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিচার ব্যবস্থার উপর বিশ্বাস নেই, বাবারা এখন আর ধর্ষণের বিচার চায় না: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দেশের বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা বর্তমানে এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছি যেখানে শিশুদের ওপর নির্যাতনের বিচার চাওয়া বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকেরা। বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে যাওয়ায় বাবারা আজ বিচার চাইছেন না। তারা জানেন, এসব ঘটনা নিয়ে কিছুদিন ফেসবুকে লেখালেখি বা রাজনীতির মাঠে গরম বক্তব্য হবে, কিন্তু দিনশেষে কোনো সুরাহা মিলবে না। যে বিচার ব্যবস্থা জনগণের অধিকার ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে পারে না, তেমন বিচার ব্যবস্থা এ দেশের মানুষ চায় না।

বুধবার (২০ মে) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা নাগরিক পার্টি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, যারা দেশের শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা নিজেরা দেশের সুযোগ-সুবিধা ভোগ করেন না। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে সেখানে সুবিধা নেন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেন। অথচ আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রতিটি সন্তান জন্মের পর থেকেই তার সব অধিকার নিশ্চিতভাবে বুঝে পাবে।

দেশের সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের চেয়েও খারাপ। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা এমন পর্যায়ে ঠেকেছে যে, প্রধান শিক্ষক, এলাকার ইউএনও কিংবা ডিসিরা তাদের নিজেদের সন্তানদের সেখানে পড়ান না। আমলারা তাদের ছেলেমেয়েদের ঢাকায় অথবা বিদেশে রেখে পড়াশোনা করান। অর্থাৎ তারা জনগণকে এমন সেবা দিচ্ছেন, যা তারা নিজেরা গ্রহণ করার যোগ্য মনে করেন না। যে সার্ভিসের ওপর নিজেদেরই আস্থা নেই, তা জনগণকে দেওয়া এক ধরনের প্রতারণা।

তরুণদের বিপথগামিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজ অনলাইন জুয়া সহজলভ্য করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশের সীমান্তগুলো উন্মুক্ত করে দেওয়ায় দেদারসে মাদক ঢুকছে এবং যুবসমাজ নষ্ট হচ্ছে। দেশের মানুষ আজ থানায় গিয়ে বিচার পায় না, মামলা করতে গেলে মামলা নেওয়া হয় না। অথচ স্বাস্থ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মানুষকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। দেশের মানুষের এই চরম অধঃপতনের পরও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। মানুষ এখন জানে যে বিচার চেয়ে কোনো লাভ হবে না।

উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, জয়নাল আবেদিন শিশির, কুমিল্লার আঞ্চলিক তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহবায়ক তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon