আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সাবেক এই এমপির মেয়ে মানসুরা রহমতুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোর চারটা পাঁচ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নিয়ে আসা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রহমতুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি তার রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
রাজনীতিতে দীর্ঘ পথচলায় তিনি ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-পাঁচ আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রহমতুল্লাহর ভাগনে ফারুক আহমেদ জানান, বুধবার বেলা সাড়ে তিনটায় বেরাইদ মাঠে জানাজার নামাজ শেষে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।