ফেনী বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা হওয়ার পর ও এখানে নেই পর্যাপ্ত গণশৌচাগার। প্রতিদিন হাজার হাজার মানুষ শহরের বাজার, সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে চলাফেরা করে। প্রয়োজনীয় পাবলিক টয়লেটের অভাবে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় তাদের।
ফেনী পৌরসভা সূত্র জানিয়েছে,” ফেনী সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় ১টি, পৌর হকার্স মার্কেটে ১টি, মহিপাল বাস টার্মিনালে ১টি, সোনাগাজী বাসস্ট্যান্ডে ১ টি ও ইসলামপুর রোডে একটি পাবলিক টয়লেট রয়েছে। ইসলামপুর রোডের পাবলিক টয়লেটটি বর্তমানে পরিত্যক্ত দেখতে অবস্থায় পড়ে আছে।”এছাড়া ফেনী পৌরসভা সূত্র আরো জানিয়েছে,” বাকি ৪ টি টয়লেট বর্তমানে সংস্কার করা খুব প্রয়োজন।”
বিভিন্ন এলাকার মানুষ বিশেষ করে শ্রমজীবী, পথচারী ও বাজারে আশা ক্রেতারা জানিয়েছেন, ফেনী শহরে পাবলিক টয়লেট পর্যাপ্ত না থাকায় এটা তাদের জন্য একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যার কারণে বাধ্য হয়ে তাদেরকে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে যেতে হচ্ছে। এর ফলে পরিবেশ দূষণ এবং পরিবেশ দূষণের ফলে রোগবালাই সৃষ্টি হওয়ার আশঙ্কা অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে তারা। এমন পরিস্থিতি নিরসনে তারা প্রশাসনের নিকট পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপনার জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, পাবলিক টয়লেট এর অভাব কেবল জনস্বাস্থ্যের জন্যই হুমকি নয়। কারণ এটি শহরের সৌন্দর্য ও পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলে। সুষ্ঠু কার্যকর ব্যবস্থা গ্রহণ করে দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করি।
এই প্রসঙ্গে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, ফেনী শহরের মধ্যে পাবলিক টয়লেটের যথাযথ ব্যবস্থা নেই। শহরের মধ্যে রাজাঝীর দিঘী নামক স্থানে পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু জায়গা সংক্রান্ত মামলা জটিলতার কারণে এটি সম্ভব হয়নি। তাই পাবলিক টয়লেট স্থাপনের জন্য আমরা অতি দ্রুত উপযুক্ত জায়গা শনাক্ত করেছি।