মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড্ডা বাজারে যুবদল নেতা নোমান আহমদ (৩৮) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নোমান সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে।
নোমান সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদ জানান, ঘটনার সময় নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুই যুবক তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের সবির মিয়ার ছেলে মারজান আহমদ এবং কালাইউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে রেহান আহমদ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে বলেন, “নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
নোমান আহমদের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।