বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করতে পারবে। কারণ বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার মূল উৎস।
এছাড়া তিনি আরো বলেছেন, কোন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন কোনভাবে সম্ভব নয়। ব্যবসায়ীরা যদি কোন প্রকার অপরাধ করে থাকেন তাহলে তার অবশ্যই বিচার করা উচিত। কিন্তু বিনা কারণে ব্যবসায়ীদের অবশ্যই যেকোনো প্রকার হয়রানি বন্ধ করতে হবে।
আব্দুল আউয়াল মিন্টু আরো জানিয়েছেন, বগুড়া জেলায় গত ১৫ বছর কোন ধরনের উন্নয়ন কার্যক্রম হয়নি। বগুড়ার ব্যবসায়ীদের জন্য আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে কাজ করব। বগুড়া জেলা হল উত্তরাঞ্চলের রাজধানী। তাই বগুড়ার উন্নয়নের জন্য অবশ্যই কাজ করতে হবে। তাই অবশ্যই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
আজ শুক্রবার ২৪ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আলী আজগর তালুকদার হেনা, গাজীপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হাসানাত আলী সহ প্রমুখ।