মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর তীব্র নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কুয়েতের বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে পূর্বনির্ধারিত চুক্তি ও জরুরি প্রক্রিয়া অনুসরণ করে কুয়েতগামী এবং কুয়েত থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে।
এর আগে, ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হেনেছিল ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, তারা কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে একযোগে ড্রোন হামলা চালিয়েছে।
একইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে পারাপারের চেষ্টাকালে দুটি তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়। মূলত এই ঘটনার পরপরই মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের বিপর্যয় এড়াতে কুয়েত সরকার তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করার এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়।ৎ