গাজীপুরের ভোগড়া উত্তরপাড়া জঙ্গলমার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে (১৫.০৪.২০২৬) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বাসন থানার এএসআই সজিব ও এএসআই আওলাদ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে নজরদারিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান পরিচালনা করে অবশেষে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম হ্যাপি (২১)। তার বাড়ি সিলেট বিভাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ছিনতাই চক্রের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের মতে, জঙ্গলমার্কেট এলাকায় কিছুদিন ধরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে ছিলেন। এই গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হ্যাপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।