মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান চালু করে হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ ছাড়িয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল। ইরান এই পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে আখ্যায়িত করে প্রতিরোধের ঘোষণা দেয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্থানীয় সময় ট্রুথ সোশ্যালে পোস্ট করে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, চুক্তি চূড়ান্ত করে স্বাক্ষর করা সম্ভব কি না তা যাচাই করার জন্যই প্রজেক্টটি স্থগিত করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের আক্রমণাত্মক পর্যায় শেষ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান, যাতে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া যায়।
মার্কিন প্রশাসনের ভাষ্য অনুসারে, হরমুজ প্রণালিতে চলমান সামরিক কার্যক্রম যুদ্ধ থেকে আলাদা এবং এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।
সূত্র: আলজাজিরা