পরশুরামের “সততা ব্রিকস” নামক ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজ নেই। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের নবায়নের কাগজ না থাকার কারণে গতকাল ১০ ফেব্রুয়ারি ঈট ভাটাটি বন্ধ করে দিয়েছেন জেলা ভ্রাম্যমান আদালত। পরশুরাম উপজেলার ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিন টেটেশ্বর গ্রামে এই অভিযান চালানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে “সততা ব্রিকস” ইটভাটাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বক্সমাহমুদ ইউনিয়নে একচেটিয়া ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া এই ইউনিয়নের কেবিএম-১ কেবিএম-২ ও “বিসমিল্লাহ” ব্রিকস নামের এই তিনটি ইট ভাটার মালিক ইট পুরিয়ে যাচ্ছেন।গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালীন ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এই সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দিয়েছেন। “সততা ব্রিক্স” এর ম্যানেজার আমির হোসেন দুলাল জানিয়েছেন, উপজেলায় যতগুলো ইটভাটা রয়েছে সবগুলো পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র ছাড়াই চালিয়ে যাচ্ছে ব্যবসা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজপত্র না থাকায় ইটভাটাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইটভাটা গুলোতে এমন অভিযান চালানো হবে।