আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে পরশুরামে বাজার স্থিতিশীল, সিন্ডিকেট ও মাটি কাটা বন্ধ রাখতে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। পরশুরাম উপজেলা পল্লী বিদ্যুৎ দায়িত্বরত এজিএম বক্তব্য বলেন, কোন ধরনের সমস্যা না থাকলে ১০০% বিদ্যুৎ সরবরাহ করা হবে ও সঠিক সেবা দেয়া হবে। গতকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী পরশুরাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন খন্দকার, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের মিনার ও অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান তার বক্তব্যে বলেন, পরশুরাম বাজারে কোন ধরনের সিন্ডিকেট যাতে না থাকে সেদিকে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন নজর রাখবে। পবিত্র রমজান মাসে মানুষ যাতে তাদের সামর্থের মধ্য থেকে সকল দ্রব্যসামগ্রী কিনতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পরশুরাম বাজার স্থিতিশীল রাখতে যা যা পদক্ষেপ নেয়া দরকার সেসব পদক্ষেপ অবশ্যই নেয়া হবে।