ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল ২৬ জানুয়ারি রোববার দুপুরে অত্র ইউনিয়নের হাসানপুর স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন, রোববার আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতাদের আমন্ত্রণ করা হয়নি। স্থানীয় বিএনপি নেতাদের আমন্ত্রণ না করে উপজেলার এক আওয়ামীলীগ নেতাকে অতিথি করার কারণে চরম ক্ষুব্ধ হন বিএনপি নেতাকর্মীরা।
আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দার নাসিরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত স্বেচ্ছাসেবকদের গালিগালাজ করে ও মারধর করে কক্ষ থেকে বের করে দেয়। এরপর অনুষ্ঠানের ব্যানার ছিড়ে ভাঙচুর চালিয়েছেন তারা।
অভিযোগ প্রসঙ্গে আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দার নাসির জানিয়েছেন, আমি অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি হয়ে ও অনুষ্ঠানে আমন্ত্রণ পেলাম না। কিন্তু সেখানে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে অতিথি করে এমন আয়োজন করার ফলে বিএনপির অনন্য নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ হয়েছেন।
বিষয়টি উপজেলার শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। এছাড়া ভাঙচুর ও ব্যানার ছিড়ে ফেলার সময় নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন বিএনপি’র এই নেতা।
ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন জানিয়েছেন, ঘটনাটির বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছি। সেই অনুষ্ঠানে এভাবে বিশৃঙ্খলা করা একেবারেই উচিত হয়নি। যারা অনুষ্ঠানে হামলা করেছে তাদের বিষয়ে সাংগঠনিকভাবে বসে আলোচনা করা হবে। এই ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেছেন, অনুষ্ঠানে হামলার ঘটনাটি অবগত হয়েছি। তবে এই বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি।