নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস আজ ০৭ আগস্ট, ২০২৫ তারিখে স্থানীয় তিনজন নারী ক্রিকেটারকে বাইসাইকেল উপহার দিয়েছেন। এই উদ্যোগটি মূলত জেলার নারী ক্রীড়াবিদদের উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে।
যেসকল ক্রিকেটারদের সাইকেল দেওয়া হয়েছে তারা হলেন, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৭ দলের সদস্য। জেলা প্রশাসকের এই উপহার তাদের খেলাধুলার উন্নতির পাশাপাশি যাতায়াতের সুবিধাও নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, “আমাদের জেলার নারী ক্রীড়াবিদরা অনেক সম্ভাবনাময়। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
এই সাইকেলগুলো তাদের যাতায়াত সহজ করবে এবং তারা আরও ভালোভাবে নিজেদের অনুশীলনে মনোযোগ দিতে পারবে।” উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও জেলা প্রশাসকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের পাশে থাকার অঙ্গীকার করেন।
ক্রিকেটারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই উপহার আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। এটি আমাদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।” এই উদ্যোগটি নেত্রকোণা জেলায় ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই।