বাংলাদেশি ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এককভাবে আবার নিজের করে নিলেন হাবিবুর রহমান সোহান। কিছুদিন আগেই তার আগের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে মাস না পেরোতেই সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ২৬ বছর বয়সী ওপেনার।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ইউল্যাব মাঠে শুরু থেকেই চার-ছক্কার ঝড় তোলেন সোহান। মাত্র ২৬ বলে ফিফটি ছোঁয়ার পর, পরের পঞ্চাশ রান করতে তিনি খেলেন মোটে ১৯ বল। সব মিলিয়ে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম শতকের নতুন নজির গড়েন তিনি।
আউট হওয়ার আগে ৫৮ বলে ১৩০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন সোহান, যা তার ক্যারিয়ারের সেরা সংগ্রহ। পুরো ইনিংসে ৮টি চার ও ১৩টি ছক্কা হাঁকান তিনি। সেঞ্চুরি করার পরও তার ব্যাট থেকে আসে আরও চারটি ছক্কা। শেষ পর্যন্ত আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন।
এর আগে ২০২৩ সালের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন সোহান নিজেই। চলতি ডিপিএলেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে মোসাদ্দেক হোসেন সৈকতও ৪৯ বলে সেঞ্চুরি করে সোহানের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এবার ৪৫ বলে ম্যাজিক ফিগার ছুঁয়ে মোসাদ্দেককে পেছনে ফেলে এককভাবে চূড়ায় বসলেন রূপগঞ্জের এই ওপেনার।
শুধু সেঞ্চুরিই নয়, এক ইনিংসে ১৩টি ছক্কা মেরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন সোহানের। এই তালিকায় ২০১৯ সালে আবাহনীর হয়ে ১৬টি ছক্কা মেরে শীর্ষে আছেন সৌম্য সরকার।
সোহান বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেও বিশ্বরেকর্ড থেকে অবশ্য এখনো বেশ কিছুটা পিছিয়ে আছেন। বিশ্বজুড়ে লিস্ট ‘এ’ সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের, যিনি মাত্র ২৯ বলে শতক হাঁকিয়েছিলেন। আর এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কা মেরে বিশ্ব রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার ডি’আরসি শর্ট।