নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামে গত বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। মাচিয়ালী গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা মো. মাইনুল-এর মাত্র ১৭ মাস বয়সী শিশুপুত্র মো. মুকাব্বির নিজ বাড়িসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।
জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে শিশু মুকাব্বির খেলার এক ফাঁকে পরিবারের অগোচরে বাড়ির কাছে পুকুরটির দিকে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়।
১৭ মাস বয়সী শিশু মুকাব্বিরের এমন অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং গ্রামের প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকে পাথর হয়ে গেছে শিশুটির বাবা-মা। পুরো গ্রামজুড়েই এখন কান্নার রোল। এই হৃদয়বিদারক ঘটনায় শোকাহত গ্রামের মানুষজন নিহত শিশুর আত্মার শান্তি কামনা করেছেন।