নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ অক্টোবর, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের থানার মোড়ে ওই ব্যবসায়ীর নিজের দোকানের ভেতরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে অবস্থিত নারায়ন পালের মুদি দোকানটি মোহনগঞ্জ থানা থেকে মাত্র ১৫০ মিটার দূরে অবস্থিত। রাত ১১টার দিকে এক ক্রেতা দোকানের ভেতরে গলাকাটা অবস্থায় নারায়ণের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিদর্শন করে। এ সময় আশপাশের বিভিন্ন দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ।
এই নজিরবিহীন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আর কোনো ব্যবসায়ীর সঙ্গে যেন এমন বর্বরতা না ঘটে, সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের মোটিভ এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা, নাকি ছিনতাইয়ের ঘটনা – সব দিক খতিয়ে দেখা হচ্ছে।