রাজধানীর কদমতলী এলাকায় মাদক চোরাকারবারি ও হত্যাচেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। জুরাইনে সংঘটিত একটি সশস্ত্র হামলার ঘটনায় এজাহারনামীয় এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গত ২২ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে জুরাইন ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মোড় এলাকায় পরিকল্পিতভাবে একটি সশস্ত্র হামলা চালানো হয়। স্থানীয় মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী চানু–জহির গ্রুপ ভুক্তভোগী মো. শাহীন বেপারীর ওপর আক্রমণ করে। শাহীন আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তাকে আটক করে এবং গ্রুপের সদস্য চান মিয়া ওরফে চানু তার হাতে থাকা পিস্তল দিয়ে শাহীনের মাথায় গুলি ছোড়ে। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান।
গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে চান মিয়া ও মো. জহিরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও অন্য হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ শাহীনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তিনি এখনও আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি দা এবং একটি তলোয়ার উদ্ধার করে।
পরদিন ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায় হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১০-কে সহায়তার অনুরোধ জানানো হয়।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৩ নভেম্বর বিকেলে কদমতলী থানার চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি মো. ইব্রাহীম হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।