তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আগামী শুক্রবার দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের মানুষের প্রতি মানবিক আহ্বান জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন সাবেক এই রাষ্ট্রপতির সহধর্মিণীর দ্রুত আরোগ্য লাভের জন্য জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সম্মিলিত প্রার্থনা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার দেশের সকল মসজিদে জুমার নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে।
পাশাপাশি, দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়— মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল স্থানে সংশ্লিষ্ট ধর্মীয় রীতি ও আচার অনুযায়ী একই দিনে বিশেষ প্রার্থনার আয়োজন করতে অনুরোধ জানানো হয়েছে।
সরকার এই মানবিক মুহূর্তে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “দেশের সর্বস্তরের জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়া ও প্রার্থনায় শামিল হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।”