প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্যই আইনসভায় উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে জুলাই জাতীয় সনদে। গণভোটে জনগণের রায় পেলে প্রত্যেক নাগরিকের ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং সংবিধান সংশোধনের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
বুধবার ১৪ জানুয়ারি রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।
সম্মেলনে রংপুর বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা-উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে গণভোট সচেতনতা ও ভোটার উদ্বুদ্ধকরণে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, বর্তমান সংবিধানিক কাঠামোয় প্রধানমন্ত্রীর হাতে অত্যধিক ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে। তিনি একই সঙ্গে নির্বাহী প্রধান, সংসদ নেতা এবং দলীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এই এককেন্দ্রিক ক্ষমতার কারণেই ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পায়। জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ করা, বিভিন্ন কমিশন গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব রয়েছে যাতে ক্ষমতার ভারসাম্য ফিরে আসে।
গণভোটের প্রচার সমন্বয়ক হিসেবে তিনি গোলাপী ব্যালটে টিক চিহ্নের ওপর সিল মারার আহ্বান জানিয়ে বলেন, এই ভোটের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, সুশাসিত ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ প্রশস্ত হবে।
বিশেষ অতিথি মনির হায়দার বলেন, যারা জুলাই সনদের বিরোধিতা করছেন তারা আসলে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিচ্ছেন। বিগত ১৬ বছরে সাংবিধানিক কাঠামোর মধ্যেই এক দানবীয় ব্যবস্থা গড়ে উঠেছিল। এই ত্রুটিগুলো দূর করতে গণভোটের বিকল্প নেই। তিনি অপপ্রচার ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে না ওঠায় প্রজাতন্ত্রের কর্মচারীরা বারবার প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।