বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের উপস্থিতিতে সালিশি বৈঠকে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খোরশেদ আলম সিকদার (৬৫)।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে খোরশেদ সিকদারকে চেয়ার ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সংঘর্ষ থামাতে এবং নিহতকে রক্ষা করতে ব্যর্থ হন। একপর্যায়ে আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রোববার রাতে এ তথ্য জানানো হয়।
মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদ জানান, ২২ বছর আগের ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল।