নেত্রকোণার কেন্দুয়ায় সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে সফলভাবে সম্পন্ন হয়েছে একটি বিনামূল্যে চক্ষু শিবির। আজ ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বাডলা মধ্যপাড়া পাইকুড়ার বাইতুল হিকমাহ কমপ্লেক্স প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এডভোকেট নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি সংসদ এবং বাইতুল হিকমাহ কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে নেত্রকোণার ডা: কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। এছাড়া সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল অস্ট্রেলিয়ান এইড এবং দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন।
ক্যাম্পের মূল অর্জন ও সেবাসমূহের মধ্যে রয়েছে বিনামূল্যে ছানি অপারেশন। ক্যাম্পে আগত বিপুল সংখ্যক রোগীর চোখ পরীক্ষা করার পর চূড়ান্তভাবে ২৭ জন দুস্থ রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। নির্বাচিত রোগীদের নেত্রকোণা থেকে ময়মনসিংহে যাতায়াত, থাকা-খাওয়া এবং অপারেশন শেষে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার সম্পূর্ণ খরচ বহন করবেন আয়োজকরা। পাশাপাশি অপারেশন হওয়া সকল রোগীকে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
ক্যাম্পের প্রধান ব্যবস্থাপক ও সমাজসেবক মোঃ ইকবাল কবির এবং সমন্বয়ক হাফেজ মাওলানা মুহিউদ্দিন জানান, প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ যেন অর্থাভাবে দৃষ্টিহীন না থাকে, সেই লক্ষ্যেই তাদের এই আয়োজন। অবহেলিত মানুষের কল্যাণে এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।