নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হয়েছে এক যুবক। পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় মাদকাসক্ত দুই যুবক—মনির হোসেন হিরো ও সোহেল শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করে। কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। তাকে প্রথমে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধর্ষণের এই ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেয়। এ সময় অন্য অভিযুক্ত সোহেল পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গণপিটুনিতে আহত অভিযুক্ত মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাতেই অপর অভিযুক্ত সোহেলকে আটক করা হয়েছে। এই ঘটনায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।