1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

দুধের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে বিদেশে রপ্তানির যোগ্যতা অর্জনে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল দুগ্ধ উৎপাদনে নারী খামারি: উন্নয়নের অগ্রযাত্রা।

প্রতিমন্ত্রী দুগ্ধ শিল্পে নারী উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করে বলেন, নারীরা শক্তিশালী হলে দেশের অর্থনীতি আরও মজবুত হবে। দুগ্ধ খামারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের এই সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি নারীদের দক্ষতা বাড়াতে আরও প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার তাগিদ দেন। খামারিদের সরকারি সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, একজন খামারি বা উদ্যোক্তা সফল হওয়া মানে দেশের অর্থনীতি উপকৃত হওয়া। এ সময় তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রত্যয় নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভার আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুধ বিতরণ করেন। এরপর তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এছাড়াও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর উদ্যোগে প্রাণিসম্পদ ভবনের সামনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে দুধ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুর রহিম এবং মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক ডা. মো. বয়জার রহমান।

দুগ্ধ দিবসের কর্মসূচি শেষে দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই করপোরেশনের কাজে গতিশীলতা আনতে সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon