নেত্রকোনায় মাদকাসক্তি, বাল্যবিবাহ, জুয়া এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন, ২০২৬ রবিবার বিকেলে নেত্রকোনার বঙ্গবন্ধু মোড় এলাকায় অবস্থিত সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা সোসিও-ইকোনমিক এন্ড রুরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন বা সেরা। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং এডুকেশন আউটলাউড-অ্যাডভোকেসি অ্যান্ড সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরা-এর নির্বাহী পরিচালক এস.এম. মজিবুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ননী গোপাল সরকার। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার জাহান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কহিনুর বেগম উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাগী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. শামীম হায়দার।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন দৈনিক সমকালের নেত্রকোনা জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম এবং NABO NEWS 24-এর নেত্রকোনা প্রতিনিধি মো. ইকবাল কবির।
আলোচনা পর্বে বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে সামাজিক অসংগতি দূরীকরণে সেরা-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চললেও মাদক, বাল্যবিবাহ ও নারী সহিংসতা প্রগতির পথে বড় বাধা। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে এই সামাজিক ব্যাধিগুলো নির্মূল করা অপরিহার্য। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই ধরনের কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে তারা মন্তব্য করেন।
পরিশেষে, আয়োজক সংস্থা সেরা-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রকল্পের মূল উদ্দেশ্য ও কার্যক্রমসমূহ সবার সামনে তুলে ধরা হয়। সমাজ থেকে সব ধরনের সহিংসতা ও কুসংস্কার দূর করতে সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।