ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ‘দিগন্ত পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বৈশামুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন আরোহীর মৃত্যু হয়। এ সময় বাসের ভেতরে থাকা আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।