1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শার্শায় চাঁদা না পেয়ে বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

মোঃ মারুফ হোসেন, জেলা [যশোর] প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দীন (৪০) নামে এক বিএনপি কর্মী ও পল্লী চিকিৎসককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ জুন, ২০২৬) সন্ধ্যায় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে এই ঘটনা ঘটে।

আহত কাজী বশিরউদ্দিন পাঁচভুলাট গ্রামের কাজী শামজুজ্জোহার ছেলে এবং দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ছোট ভাই। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। এই হামলার ঘটনায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাজী বশির উদ্দিন পাঁচভুলাট গ্রামে তার নিজস্ব ওষুধের দোকানে বসে ছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮-১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দোকানে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দোকান সংলগ্ন বাড়িতে নিয়ে গেলে দুর্বৃত্তরা পুরো বাড়ি ঘেরাও করে তাদের জিম্মি করে রাখে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি জানালে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ অবস্থা থেকে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. তন্ময় জানান, আহত বশির উদ্দিনের ডান হাত ভেঙে গেছে এবং সমস্ত শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার বাম পায়ে হাতুড়ির আঘাত এবং ডান পায়ে গভীর কাটার কারণে সেলাই দিতে হয়েছে। তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রহার করা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon