মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবির ছোঁড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। পরে আহত ব্যক্তিসহ সঙ্গে থাকা অপর চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে পালিয়ে যায়।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৪ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।
বিজিবি জানায়, শনিবার রাতে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবি ৫২ ব্যাটালিয়নের একটি চৌকস দল। রাত সাড়ে ১০টার দিকে দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা আত্মসমর্পণ না করে উল্টো ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আক্রমণের চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিজেদের আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে এক চোরাকারবারি গুলিবিদ্ধ ও আহত হয়। তবে বিজিবি সদস্যরা তাকে আটকের আগেই তার সঙ্গে থাকা অন্য সহযোগী আহত চোরাকারবারিকে নিয়ে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, এ ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো বিষয়টি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও সতর্ক অবস্থানে রয়েছে।