গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার পাশে ফেলা আবর্জনা থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যা পথচারী ও আশপাশের ব্যবসায়ীদের জন্য নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, দিনের পর দিন ময়লা পরিষ্কার না হওয়ায় এলাকাটি কার্যত এক ধরনের ডাম্পিং জোনে পরিণত হয়েছে। বিশেষ করে গরমের সময় ময়লার দুর্গন্ধে চলাফেরা করা কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই নাক চেপে পথ পার হতে বাধ্য হচ্ছেন।
এই ময়লার স্তূপ শুধু পরিবেশ দূষণই নয়, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। ময়লা থেকে নির্গত দুর্গন্ধ ও জীবাণু বায়ু দূষণের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগব্যাধির জন্ম দিচ্ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। শ্বাসকষ্ট, এলার্জি, জ্বর, ডায়রিয়া ও ত্বকের রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয় এক পথচারী বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। দুর্গন্ধে ঠিকমতো নিঃশ্বাস নেওয়া যায় না। শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ।”
অন্যদিকে, দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত ময়লা অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
পরিবেশবিদদের মতে, নগর এলাকায় এভাবে ময়লা জমে থাকলে তা বায়ু দূষণ বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে গাজীপুর চৌরাস্তার এই গুরুত্বপূর্ণ সড়ক এলাকাকে ময়লার অভিশাপ থেকে মুক্ত করবে।