ইসরাইলের ব্যাপক প্রাণঘাতী হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১,১৬৫ জন। এই ঘটনায় দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। তেল আবিবের এই ‘নির্মম হামলা’ চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, লেবাননের বিভিন্ন অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ার উল্লেখযোগ্য। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির প্রচেষ্টা চলমান থাকলেও ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে লেবাননের প্রেসিডেন্সি জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর গত ১৫ মাসে বহুবার তা লঙ্ঘিত হয়েছে, তবে সেগুলো প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও অভিযোগ করেছে, ইসরাইলের এই আগ্রাসন মানবিক মূল্যবোধের প্রতি স্পষ্ট অবজ্ঞা। অন্যদিকে, ইসরাইলের সেনাপ্রধান ইয়েল জামির বলেছেন, তাদের সামরিক অভিযান ‘বিরতিহীনভাবে’ চলতে থাকবে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, মাত্র ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।