সাইফুল খান, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরােস আক্রান্ত আবু বক্কর সিদ্দিক (১৪) এখন সুস্থ। উপজেলার প্রথম করোনা ’পজিটিভ’এই কিশোর (১ মে) শুক্রবার দুপুরে বাড়ি ফিরেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা।
সোনারগাঁ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রুগী শনাক্ত হয় গত ১৩ এপ্রিল । সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ডাক্তারসহ উপস্থিত হয়ে তার খোঁজ নেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপড়া গ্রামের আবু সাঈদের ছেলে আবু বকর সিদ্দিক (১৪)।
উল্লেখযোগ্য আবু বকর সিদ্দিক ( ১৪) শ্বাসকষ্ট ও শরীরে জ্বর অনূভূত হলে গত (১২ এপ্রিল) রোববার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য করোনা ইউনিটে প্রেরণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহের পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ১৩ এপ্রিল সোমবার করোনা পজিটিভ রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছানোর পর উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্ত রোগীকে সন্ধ্যায় পুনরায় চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পাশাপাশি আক্রান্ত রোগীর বাড়ির আশপাশের ২০টি বাড়ি লগডাউন করেন।
১৮ দিন পর আবুবকর সুস্থ হয়ে বাসায় ফিরলে উপজেলা নির্বাহী অফিসার ছুটে যান বৈদ্যের বাজারে এবং আবুবকরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বই উপহার,ডাইরি, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি উপহার দেন । এ সময় আবুবকর এর বাবা মা উপস্থিত ছিলেন । এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আবুবকর এর বাবা মা এত দিন পর ছেলেকে ফিরে পেয়ে যেনো আকাশের চাঁদ হাতে পেয়েছেন এমনি উচ্ছ্বসিত দেখা যায় তাদের। আবুবকর এর মা বলেন “স্যার আল্লাহ রহম করুক আপনাকে।
সোনারগাঁয়ে (১মে) শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে ৩০ জন শনাক্ত হয়েছে। সোনারগাঁয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।