গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে রমজান মোল্লা নামে ১২ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রমজান চৌরখুলী গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে। সে স্থানীয় ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার কিরাত বিভাগের ছাত্র ছিল।
জানা গেছে, ঘটনার দিন সকালে রমজানের চাচা আশিক মোল্লা জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় রমজানকে দেখতে পায়ে চিৎকার দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘর থেকে রমজানকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, রমজান মাদ্রাসায় যেতে চাইত না। তারপরেও পরিবার তাকে জোর করে মাদ্রাসায় পাঠাত। এছাড়া গত কয়েক দিন ধরে রমজান তার মায়ের কাছে স্কেটিং জুতা কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। এ নিয়ে সকালে দুজনের মাঝে মনোমালিন্য হয়। এই জুতা কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার ও এলাকাবাসীর দাবির মুখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।