নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ:
গত বুধবার (২ অক্টোবর) রাত দেড়টার দিকে ১৫-১৬ জন যুবকের একটি দল মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামের একটি পূজামণ্ডপে যায়। তারা সেখানে উচ্চস্বরে গান বাজাতে বলে এবং নাচানাচি করে। বেশি রাত হওয়ায় পূজার আয়োজকরা সাউন্ডবক্স বন্ধ করতে গেলে যুবকেরা তাদের ওপর হামলা চালায়। এই হামলায় কমপক্ষে ৮ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরদিন বিকেলে আহত অমিত চন্দ্র দাস থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তার প্রক্রিয়া:
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয় এবং মণ্ডপের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এছাড়া অন্য আসামীদের গ্রপ্তারে চেষ্টা চলছে।