নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্তকরণে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরি বাজার পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ অংশে এই অভিযান চালানো হয়।
অভিযানে বর্ণিত অংশের ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সড়কে অবৈধভাবে পার্কিং করা অটো, ভ্যান, বাইক, ফলের ও সবজির দোকানসহ সকল অবৈধ স্থাপনা ও যানবাহনকে সতর্কতা মূলক ভাবে সরিয়ে দেওয়া হয়।
এই সময় স্বয়ং নেত্রকোণার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয় উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সামনের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং অবৈধ পার্কিং না করার বিষয়ে কঠোর নির্দেশনা ও সতর্কবাণী দেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক জনাব মোঃ আরিফুল ইসলাম সরদার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শামীমা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার সদর জনাব আসমা বিনতে রফিক মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) সদর জনাব মোঃ শামসুজ্জামান আসিফ সহ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ।
শহরের মান উন্নয়ন ও প্রশাসনের এই কার্যক্রমকে সফল করতে জনগণের সার্বিক সহযোগিতা অপরিহার্য বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।