1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ঢাকায় ৫৬তম বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ৫৬তম এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। এতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, নৌ পরিবহন ও সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এতে বিএসএফের শীর্ষ কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, অননুমোদিত অবকাঠামো নির্মাণ প্রতিরোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং পানির ন্যায্য হিস্যা আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হবে।

এ ছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমন, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এবং অন্যান্য সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, আলোচনা শেষে আগামী ২৮ আগস্ট সকালে সম্মেলনের সমাপ্তি হবে। একই দিন ভারতীয় প্রতিনিধিদল দেশে ফিরে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon