যশোরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে প্রতিদিন দীর্ঘ লাইন পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক যানবাহন চালক জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, শত শত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কোনো কোনো পাম্পে লাইন আধা কিলোমিটারেরও বেশি লম্বা হয়েছে। ভোর থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও অনেকে জ্বালানি পাচ্ছেন না। অনেক পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ, পরিবহন চালক ও সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া ডিজেল সংকটের কারণে কৃষকরাও বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় কৃষি উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
পাম্প মালিক ও সংশ্লিষ্টরা বলছেন, খুলনা ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। ফলে তারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না।
অন্যদিকে, অভিযোগ উঠেছে যে একটি অসাধু চক্র বিভিন্ন পাম্প থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে মজুত করছে। এতে দ্রুত পাম্পগুলোতে তেলের ঘাটতি দেখা দিচ্ছে। কিছু এলাকায় বেশি দামে খুচরা জ্বালানি বিক্রির ঘটনাও ঘটছে।