বান্দরবানের লামা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট পেশ করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
ঘোষিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৭ শত ২২ টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা ধরা হয়েছে। এতে সমাপনী স্থিতি রয়েছে ১৪ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২২ টাকা। রাজস্ব ব্যয়ের মূল খাতগুলোর মধ্যে সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ২৫ লক্ষ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উন্নয়ন খাতে সমপরিমাণ ৮ কোটি ৭০ লক্ষ টাকা আয় ও ব্যয় নির্ধারণ করা হয়েছে। আয়ের প্রধান উৎসের মধ্যে রয়েছে কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট হতে ৩ কোটি টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে ৩ কোটি টাকা, সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ লক্ষ টাকা এবং পৌর ভবন সম্প্রসারণ বাবদ ৫০ লক্ষ টাকা।
উন্নয়ন ব্যয়ের আওতায় অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ও পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমে লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
পৌরসভার প্রশাসককে সহায়তা প্রদান কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।