সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলাতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার একমাত্র কেন্দ্র সরকারি মাতামুহুরী কলেজে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে।
প্রতিষ্ঠানগুলো হলো সরকারি মাতামুহুরী কলেজ, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং হেফাজাতুর রহমান কলেজ। সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাও এই কেন্দ্রে অংশ নিচ্ছে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট নয়শত ছয় জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র পাঁচশত ছয় জন এবং ছাত্রী চারশত জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে পরীক্ষার্থী রয়েছে একশত পঁচিশ জন। সব মিলিয়ে এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার একত্রিশ জন।
সরেজমিনে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, পরীক্ষা শুরুর বেশ আগে থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল পরীক্ষার আমেজ। কেন্দ্র ও এর আশপাশের এলাকায় সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। অপরদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মোট সতেরো জন পরীক্ষার্থী এবার পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান যে, উপজেলা প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের পূর্বপ্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে এর দুইশত গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া পরীক্ষা কক্ষগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি রাখা হচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক ছিল বলেও তিনি উল্লেখ করেন।