ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকায় জোরদার টহল ও আধুনিক নজরদারির ফলে সম্প্রতি সীমান্তে একটি সম্ভাব্য পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাহিনীটি। বুধবার দুর্গাপুর উপজেলার মাধুপাড়া বিওপি ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
অধিনায়ক বলেন, ৩১ বিজিবির দায়িত্বাধীন ৯২ কিলোমিটার সীমান্তের দুর্বল পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও কার্যকর করতে গোয়েন্দা সংস্থা, স্থানীয় গ্রামবাসী ও আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতা নেওয়া হচ্ছে। নজরদারির অংশ হিসেবে সিসি ক্যামেরা, মেগাফোন, টর্চলাইট ও অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে বিজিবির সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের ওপারে পাতলাবন এলাকার শীতারাম বালি স্কুলে ১০ থেকে ১৫ জন বাংলাদেশিকে কয়েক দিন ধরে জড়ো করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক নজরদারির কারণে পুশ-ইনের সেই প্রচেষ্টা সফল হয়নি এবং পরে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
সীমান্ত দিয়ে মদ, ইয়াবা, ফেনসিডিল, ট্যাপেন্টাডল, গাঁজা, গবাদিপশুসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী অবৈধভাবে পাচারের চেষ্টা রুখতে ৩১ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অধিনায়ক জানান, চলতি বছরের গত ছয় মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে ৩১ বিজিবি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।