প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) উপদেষ্টা পরিষদের সদস্য এবং সচিবদের সঙ্গে বৈঠক করবেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল এই বৈঠক শুরু হবে।
প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করবেন। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৭৫ জন সচিব দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক। সবাই এই বৈঠকে উপস্থিত থাকবেন।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সম্ভবত সরকারের শেষ নিয়মিত বৈঠক। এতে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ঘোষণা আসতে পারে। তবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জরুরি প্রয়োজনে শুধু উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে, উপদেষ্টারা সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে দুজন উপদেষ্টা বাসভবন ছেড়ে দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এছাড়া তিনজন উপদেষ্টা এবং একজন চুক্তিভিত্তিক ঊর্ধ্বতন কর্মকর্তা কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।