আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়ার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের সবুজের সঙ্গে ১২ বছর আগে তানিয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি তিনি নিজের এবং তার মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা জুয়ায় হারিয়ে ফেলেন। এরপর থেকেই টাকার জন্য তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
গত ৯ জুন জুয়া খেলায় বাধা দেওয়ায় তানিয়াকে মারধর করে বাপের বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন সবুজ। তানিয়া দুই সন্তানসহ বাবার বাড়িতে আশ্রয় নিলে ১৩ জুন সকালে সবুজ সেখানে গিয়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর স্ত্রীকে বেদম মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা চালান। তানিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং সবুজকে ধরে পুলিশে সোপর্দ করেন।
আহত তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, নির্যাতনের ভিডিওটি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে এলে তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। সবুজের বিরুদ্ধে আগেও একটি মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।