নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকার কুতুবপুর রাখিবাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন আব্দুল কাদের এবং তার তিন ছেলে মেহেদী, সাকিব ও রাকিব। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। আব্দুল কাদের তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই একতলা ভবনের একটি ইউনিটে ভাড়া থাকতেন।
প্রতিবেশীরা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন যে বাসার দরজা-জানালা সব ভেঙে চুরমার হয়ে গেছে এবং পরিবারের সদস্যরা দগ্ধ অবস্থায় ঘর থেকে বের হচ্ছেন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে লিকেজ থেকে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মেহেদী ও রাকিবের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় চারজনকেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থাই বেশ গুরুতর।