1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

ক্যাম্পাস প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাবি শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরজীবনকে বাসযোগ্য রাখতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশদূষণের কারণে ঢাকার বায়ুদূষণ আজ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।” আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও এর পরিচর্যা করা জরুরি। এ ধরনের কার্যক্রম ঢাবি ক্যাম্পাসকে আরো সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে।”

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই ঢাবিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫০০টি গাছের চারা দিয়ে সহায়তা করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ক্যাম্পাসের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি এবং ছাত্রদলের নেতাকর্মীরা মল চত্বরের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon